সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ

মাসে দুই হাজার টাকা পর্যন্ত ব্যয়ে পানি কিনছেন পৌরবাসী, সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ..
Delen op Eidok
সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ
Foto: archief

সাতক্ষীরা পৌরসভার সরবরাহ করা পানিতে দুর্গন্ধ, ময়লা এমনকি কেঁচো পাওয়ার অভিযোগ উঠেছে। ফলে খাওয়ার পানি তো দূরের কথা, দৈনন্দিন কাজেও ওই পানি ব্যবহার করতে পারছেন না অনেক গ্রাহক। বাধ্য হয়ে প্রতিমাসে দেড় থেকে দুই হাজার টাকা ব্যয়ে জারের পানি কিনে পান করতে হচ্ছে তাঁদের। অন্যদিকে শহরের নিম্ন আয়ের অনেক পরিবার এখনো পৌরসভার পানির সংযোগ থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে নিরাপদ ও সাশ্রয়ী পানির নিশ্চয়তা দিতে আট দফা সুপারিশ তুলে ধরেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘শহরের নিম্ন আয়ের মানুষের সুপেয় পানির সংকট ও সমাধানে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে এসব সুপারিশ তুলে ধরা হয়।

সংলাপে উপস্থাপিত ধারণাপত্রে বলা হয়, গত এক দশকে সাতক্ষীরা শহরের জনসংখ্যা ও আয়তন বাড়লেও সে অনুযায়ী পানি সরবরাহের পরিমাণ ও মান বাড়েনি। বর্তমানে পৌরসভার কাগজে-কলমে পানির সংযোগ রয়েছে প্রায় ১১ হাজার ৩০০টি। পৌরসভার মোট ৩৬ হাজার ২৯৯টি খানার বিপরীতে এই সংযোগ মাত্র ৩১ শতাংশ। তবে সংযোগ থাকা সত্ত্বেও সব গ্রাহক নিয়মিত পানি পাচ্ছেন না। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পৌরসভার পানি উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

ধারণাপত্রে আরও বলা হয়, সরবরাহ করা পানির মান নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে। পানির মান এতটাই নিম্নমানের যে অনেক গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করছেন। শহরের জনসংখ্যা ও পানির চাহিদা বাড়লেও সাতক্ষীরা পৌরসভায় সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা কমছে। ফলে পৌরসভার তিন ভাগের এক ভাগ পরিবারকেও নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব এ সংকটকে আরও জটিল করে তুলছে।

সংলাপে বদ্দীপুর কলোনির বাসিন্দা জাহানারা খাতুন ও মরিয়ম খাতুন তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, প্রতিবছর অতিবৃষ্টির সময় তাঁদের এলাকায় প্রায় ছয় মাস পানিবন্দী থাকতে হয়। এ সময় খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। পৌরসভার মধ্যে বসবাস করেও তাঁরা এখনো সুপেয় পানির সংযোগ পাননি।

অধ্যাপক পবিত্র মোহন দাস বলেন, খাবার ও রান্নার পানির চাহিদা মেটাতে প্রতি মাসে প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকার জারের পানি কিনতে হয়। অথচ পৌরসভা থেকে প্রয়োজনীয় নিরাপদ পানির ব্যবস্থা করা গেলে মাসে প্রায় ২০০ টাকার মধ্যেই এই চাহিদা পূরণ করা সম্ভব হতো। এতে সাধারণ মানুষের বাড়তি আর্থিক চাপ কমত।

নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন সাতক্ষীরা গ্রিন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবু। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ শাখার প্রকৌশলী নিমাই চন্দ্র পাল। স্বাগত বক্তব্য দেন বারসিকের উপকূলীয় অঞ্চল সমন্বয়কারী মো. শাহীন ইসলাম। ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার।

সংকট নিরসনে নাগরিক সমাজের প্রতিনিধিরা আট দফা সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—পানি সরবরাহ ও পরিশোধনব্যবস্থা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা; প্রতিটি বাড়িতে ছাদের বৃষ্টির পানি সংরক্ষণ ও কুয়া তৈরিতে উদ্যোগ নেওয়া; ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য জলাধার খনন, পানি পরিশোধন ও সরবরাহে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ; বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায় পানির ট্যাপ স্থাপন; পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইন কার্যকরভাবে প্রয়োগ করে পুকুর ভরাট বন্ধ করা।

এ ছাড়া বাজারজাত করার আগে জারের ও সরবরাহ করা পানির আর্সেনিক, আয়রন, লবণাক্ততা ও পিএইচের মাত্রা পরীক্ষা করে ফলাফল অনলাইনে প্রকাশ; পানি সরবরাহ অবকাঠামোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পৃথক বরাদ্দ রাখা; পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা এবং নিরাপদ পানি সরবরাহে পৌরসভার গৃহীত পদক্ষেপ ও নতুন সংযোগ প্রদানের সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নিরাপদ পানি কোনো বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক প্রয়োজন। অথচ শহরের নিম্ন আয়ের মানুষকে সুপেয় পানির জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। এ সংকট মোকাবিলায় শুধু সাময়িক উদ্যোগ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কার্যকর তদারকি এবং জবাবদিহিমূলক পানি সরবরাহ ব্যবস্থা।

তাঁরা আরও বলেন, পৌরসভার পানির গুণগত মান নিশ্চিত করা, সরবরাহব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে। একই সঙ্গে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে নিরাপদ পানির নিশ্চয়তা তৈরি হবে।

সংলাপে আরও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা, জলবায়ুকর্মী এস এম বিপ্লব হোসেন, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, ভিডিএফের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, গ্রিন কোয়ালিশনের সদস্য রাহাত রাজা, সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ ও মিলন বিশ্বাস রুদ্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।

এ ছাড়া বদ্দীপুর কলোনির সাবিহা সুলতানা, রহমতপুর কলোনির ফাতেমা খাতুন, বোসপাড়ার আকলিমা খাতুন, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের তাপস সরকার, রিজাউল করিম, মৃত্যুঞ্জয় রায় এবং বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় District Nieuws সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা District Nieuws দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা District Nieuws সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন District Nieuws অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা District Nieuws মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ District Nieuws ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা District Nieuws ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 70 Views