গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় তিনি ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।
সম্প্রতি গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও মিছিল-সমাবেশ করে আসছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রোববারও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) এবং পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। একই সঙ্গে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ক্ষতিগ্রস্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলাটিতে মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ রয়েছে। বাকি ২ হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় জড়ো হন। তাদের হাতে লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখা যায়। এ সময় বিক্ষোভের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে।
একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা চালিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের একাধিক স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করায় যান চলাচল ব্যাহত হয়। এতে ওই পথে চলাচলকারী সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়।
এসআই মোসলেম আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comments 0