গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দলীয় কার্যালয়কে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন বাজারে দুই দিনের ব্যবধানে এসব হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতি বাজারে বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। হামলার সময় কার্যালয়ের বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজারেও বিএনপির একটি কার্যালয়ে হামলা চালানো হয়। সেখানে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ের পাশাপাশি আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিলফা বাজারে হামলার পর দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। একপর্যায়ে নিলফা বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে পাটগাতি-গোপালগঞ্জ সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
রোববার দুপুরে পাটগাতি বাজারে ফের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি।
পরপর দুই দিনের এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের তথ্য কিংবা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comments 0