মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কভার ভ্যান জব্দ করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়াম পাড়ার পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর এলাকা থেকে ঢাকার সাভারগামী একটি কভার ভ্যান থামানো হয়। এ সময় ভ্যান থেকে নেমে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরে কভার ভ্যানের ভেতরে বিশেষভাবে রাখা তিনটি কাগজের কার্টন থেকে ৩৬টি পোটলায় মোড়ানো ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গেদু মিয়ার ছেলে মো. হাসক মিয়া (২৯), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাংখার চর গ্রামের মৃত হানেফ সরদারের ছেলে রাকিব সরদার (২৩) এবং মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের মো. দূত মিয়ার ছেলে হাসানুর জামান (৩০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানায় এসআরবি-৯।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁদের ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentários 0