শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, প্রত্যাবর্তন আর প্রত্যর্পণ এক বিষয় নয়। সাধারণ প্রক্রিয়ায় দেশে ফিরে আসাকে প্রত্যাবর্তন বলা হলেও, সাঈদ, মুগ্ধসহ হাজারো ছাত্র-জনতার রক্তে হাত রঞ্জিত হওয়া শেখ হাসিনাকে আইনি চুক্তি অনুযায়ী প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনতে হবে।
শেখ হাসিনার বর্তমান অবস্থান ও দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে রিজভী বলেন, তিনি সাধারণ কোনো রাজনৈতিক কারণে দেশত্যাগ করেননি, বরং ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে পালিয়ে গেছেন। তাই তাকে গোলাপ ফুল দিয়ে বরণ করার কোনো সুযোগ নেই। পাসপোর্টের বৈধতা থাকুক বা না থাকুক, দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
জুলাই বিপ্লবের প্রেক্ষাপট স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, ২০২৪ সালের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মূল অনুপ্রেরণা জুগিয়েছিল ৭ নভেম্বরের বিপ্লব। বর্তমান সমাজে গোপনে চলমান বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য গণতন্ত্র রক্ষা ও নারীর ক্ষমতায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।