আলীকদমে লাইসেন্সবিহীন চলছে তিন ইটভাটা, পরিবেশ ধ্বংসের শঙ্কা, ২০ লাখ… | আই নিউজ বিডি

আলীকদমে লাইসেন্সবিহীন চলছে তিন ইটভাটা, পরিবেশ ধ্বংসের শঙ্কা, ২০ লাখ ঘনফুট মাটি ও কাঠ ব্যবহারের প্রস্তুতি..

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
আলীকদমে লাইসেন্সবিহীন চলছে তিন ইটভাটা, পরিবেশ ধ্বংসের শঙ্কা, ২০ লাখ ঘনফুট মাটি ও কাঠ ব্যবহারের প্রস্তুতি..
আলীকদমে লাইসেন্সবিহীন চলছে তিন ইটভাটা, পরিবেশ ধ্বংসের শঙ্কা, ২০ লাখ ঘনফুট মাটি ও কাঠ ব্যবহারের প্রস্তুতি..
ছবি: সংগৃহীত
আলীকদমে লাইসেন্সবিহীন চলছে তিন ইটভাটা, পরিবেশ ধ্বংসের শঙ্কা, ২০ লাখ ঘনফুট মাটি ও কাঠ ব্যবহারের প্রস্তুতি..

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলায় কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই গড়ে ওঠা তিনটি ইটভাটায় প্রায় দুই কোটি ইট উৎপাদনের ব্যাপক প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট ভাটাগুলোর ব্যবস্থাপকদের দেওয়া তথ্য অনুযায়ী, আসন্ন মৌসুমে ইটগুলো প্রস্তুত করতে প্রায় ২০ লাখ ঘনফুট মাটি এবং ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ পোড়ানোর পরিকল্পনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই ভাটাগুলোর একটিরও বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই।

স্থানীয় বাসিন্দাদের জোরালো অভিযোগ, ইট তৈরির জন্য মাটি সংগ্রহের মূল উৎস হলো পাহাড় ও কৃষিজমি। ভাটাগুলোর আশপাশেই পাহাড় কেটে সেই মাটি স্তূপ করে রাখা হচ্ছে। এছাড়া কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ায় জমির স্বাভাবিক উৎপাদনক্ষমতাও মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এদিকে ইট ও মাটি পরিবহনে নিয়োজিত ভারী যানবাহনের চলাচলের কারণে স্থানীয় রাস্তাঘাট ভেঙে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ বাড়াচ্ছে।

অভিযোগ রয়েছে যে, ইটভাটাগুলোর ঝুঁকিপূর্ণ কাজে অপ্রাপ্তবয়স্ক শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে, যা তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য বড় হুমকি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, ইটভাটার কালো ধোঁয়া এবং রাস্তায় ওড়ানো ধুলাবালুর কারণে শিশু থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সব বয়সি মানুষ শ্বাসকষ্টসহ নানা জটিল স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী সরকারি বনাঞ্চলের দুই কিলোমিটার এবং পাহাড় বা টিলার পাদদেশের ৫০০ মিটারের মধ্যে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ আলীকদমের এই তিনটি ইটভাটা (এবিএম, ইউবিএম ও এফবিএম) সংরক্ষিত মাতামুহুরী রেঞ্জ ও তৈন রেঞ্জের মাত্র ৫ থেকে ৬ কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অতীতে অনেক সময় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে নির্বিচারে পাহাড় কাটা ও গাছপালা ধ্বংস করা হলে আলীকদমের প্রাকৃতিক ভারসাম্য চিরতরে নষ্ট হবে। পাহাড়ের মাটি ধসে পড়ে নদী ও ছড়ায় পলি জমে স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হতে পারে। পাশাপাশি বন্যপ্রাণী ও পাখির আবাসস্থল সংকুচিত হওয়ার পাশাপাশি পর্যটনসম্ভাবনাময় এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান জানান, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড হলে বন বিভাগ আইনগত ব্যবস্থা নেবে, তবে বাইরের বিষয়গুলো জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দেখভাল করে থাকে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. নুরউদ্দিন জানান, অবৈধ এই তিনটি ইটভাটার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। নতুন করে ইট পোড়ানোর কোনো চেষ্টা করা হলে বা পাহাড় কাটার সত্যতা পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম স্পষ্ট জানিয়ে দেন, উপজেলায় চালুর প্রস্তুতি নেওয়া তিনটি ভাটার একটিরও বৈধ লাইসেন্স নেই। অবৈধ এই ভাটাগুলো দ্রুত উচ্ছেদের জন্য পরিবেশ অধিদপ্তরকে ইতিমধ্যে বারবার তাগিদ দেওয়া হয়েছে।

コメントがありません


News Card Generator