থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক… | আই নিউজ বিডি

থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু..

Ali Sohel avatar   
Ali Sohel
থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু..
থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু..
ছবি: সংগৃহীত
****

মৃত্যুর আগে থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো বিচার পাননি কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরে হামলার শিকার আহত বিভাটেক চালক মো. আজাহার মিয়া (৪২)। বিনা চিকিৎসায় ও অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়ার পর এখন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শোকাহত পরিবার।

নিহত মো. আজাহার মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌর এলাকার আশ্রবপুর মহল্লার মৃত ফজলু মিয়ার ছেলে। তাঁর পরিবারে স্ত্রী নূপুর বেগম ছাড়াও মেয়ে অনন্যা (২০), অনামিকা (১০), আনিকা (৭) ও দুই বছরের শিশুপুত্র আরিয়ান রয়েছে। আকস্মিক এই মৃত্যুতে পুরো পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের ৮ আগস্ট সকাল ১০টার দিকে আজাহার মিয়া তাঁর বিভাটেক গাড়ি নিয়ে কুলিয়ারচর পৌরসভার পূর্ব পাশে দেলোয়ার হোসেনের দোকানের সামনে যান। সেখানে পার্শ্ববর্তী ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি গ্রামের তাঁরা মিয়ার ছেলে সোহেল মিয়া (৪৫) ও বাবর আলীর ছেলে মাঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁর গাড়ি রিজার্ভ করে আগরপুর যাওয়ার কথা বলেন। আজাহার রিজার্ভ ভাড়া ২০০ টাকা চাইলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাঁর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা আজাহারের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও নীলাজখম করেন। পাশাপাশি তাঁর বিভাটেক গাড়ি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে তিন দিন চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরেন। তবে তখন অভ্যন্তরীণ আঘাতের গভীরতা বুঝতে পারেননি আজাহার।

ঘটনার একদিন পর হামলার উপযুক্ত প্রমাণের একটি ভিডিও উপস্থাপন করে হাসপাতালে চিকিৎসাধীন মো. আজাহার মিয়া বাদী হয়ে তাঁর বোনদের মাধ্যমে কুলিয়ারচর থানায় সোহেল মিয়া ও মাঈন উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ রয়েছে, তৎকালীন সময়ে পুলিশ অভিযোগটি গ্রহণ করে শুধু নামমাত্র তদন্তের আশ্বাস দিয়ে রহস্যজনক কারণে তা এফআইআর ভুক্ত না করে বিভিন্ন তাল বাহানা করে ঘুরাতে থাকায় অবশেষে বিচার চাওয়া থেকে হাল ছেড়ে দেন আহত আজাহার মিয়া। তখনও আজাহার মিয়া জানতোনা তাঁর শরীরে আঘাতের গভীরতা কত খানি।

এরপর গত ২ নভেম্বর বিকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বাজারে ফাহিম খাঁন (২৫) নামক এক ব্যক্তির সাথে একটি বিষয় নিয়ে তর্কের একপর্যায়ে প্রতিপক্ষের চড়থাপ্পড়ে তিনি পুনরায় আঘাত পান। এর পর তাঁর শরীরে জ্বর আসার পাশাপাশি শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। অর্থাভাবে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করাতে না পারায় তাঁর শরীরের অভ্যন্তরীণ আঘাতের আসল রূপ ধরা পড়েনি।
অবশেষে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে গত ৭ নভেম্বর শনিবার সকালে স্বজনরা তাঁকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গত ৯ নভেম্বর সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহতের ছোট বোন মোছা. অজুফা বেগম ও মোছা. নিলুফা আক্তার নীলা অভিযোগ করে বলেন, ঘটনার পরদিন থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো আইনি পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে হামলার জেরে ভাইয়ের মৃত্যুর উপক্রম হলে ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেখে গত ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে তারা কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নিকট গিয়ে আহত বড় ভাইয়ের দাখিলকৃত লিখিত অভিযোগটি পুনরায় উপস্থাপন করে এফআইআর করার অনুরোধ জানান। কিন্তু ওসি সাহেব তাদের কোনো কথা কর্ণপাত না করে আদালতে মামলা করার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেন।

চিকিৎসকদের বরাত দিয়ে ছোট বোন অজুফা বেগম ও মোছা. নিলুফা আক্তার বললেন, পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তৎকালীন সময়ে হামলায় আঘাতের কারণে তাদের ভাইয়ের কিডনি নষ্ট হয়ে গেছে। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ফুটে উঠেছে। তাদের দাবি, সম্প্রতি ও গত বছরের সেই হামলার জেরে সৃষ্ট শারীরিক জটিলতার কারণেই তাদের ভাই আজাহার মিয়ার মৃত্যু হয়েছে। তাঁরা এই পৈশাচিক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য, সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মৃত্যু আগে আজাহার মিয়া তাঁর পরিবারের সদস্যদের বলে গেছেন, তাঁর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি  ব্যবস্থা করতে।

এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেস্টা করেও তাদের কাউকে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে চিকিৎসকরা বলছেন, মৃতের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন প্রকার বক্তব্য দিতে রাজি হননি।

Inga kommentarer hittades


News Card Generator