দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো… | আই নিউজ বিডি

দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ..
দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ..
ছবি: সংগৃহীত
ইউপি সদস্যের ঘেরের মাটি বিক্রি, ডাম্পারের চাপে বেহাল সরকারি রাস্তা—নীরব প্রশাসন!..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুরে কৃষিজমির উপরিস্তরের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও ডাম্পার মালিকদের বিরুদ্ধে।

 

মাটি পরিবহনে ভারী ডাম্পার ব্যবহারের কারণে প্রায় এক কিলোমিটার সরকারি ইটসোলিং রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একই সঙ্গে সখীপুর খানবাহাদুর আহছানউল্লাহ (কেবিএ) সরকারি কলেজের মাঠকে মাটি পরিবহনের পথ হিসেবে ব্যবহার করায় ধুলা-বালিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। প্রভাবশালী ইউপি সদস্য ও ডাম্পার মালিকদের ভয়ে অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সরেজমিনে উপজেলার সখীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বয়ার বিলের পাঁচবন ঘেরীতে গিয়ে দেখা যায়, জলাবদ্ধ বেশ কিছু জমিতে পানিফল চাষ হচ্ছে। সেখানে ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজীর মৎস্য ঘেরে দুটি স্কেভেটর দিয়ে প্রায় তিন ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। ছয়টি ডাম্পার ট্রাকে সেই মাটি বোঝাই করে প্রায় এক কিলোমিটার সরকারি ইটসোলিং রাস্তা এবং সখীপুর কেবিএ সরকারি কলেজের মাঠের মধ্য দিয়ে নেওয়া হচ্ছে মাঝ সখীপুর ঋষিপাড়ার ইসলামিয়া ব্রিকসে।

স্থানীয়দের অভিযোগ, গত ২২ অক্টোবর থেকে মাটি কাটা ও পরিবহন শুরু হয়। মাঝখানে বাধার মুখে কয়েক দিন কাজ বন্ধ থাকলেও গত ৩ নভেম্বর থেকে আবারও পুরোদমে মাটি কাটা ও বহন চলছে। প্রতি ডাম্পার মাটির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা। মাটি কাটার কারণে রাস্তা ভেঙে যাওয়ার পাশাপাশি কলেজ মাঠে নতুন নতুন গর্ত তৈরি হচ্ছে। উড়ন্ত ধুলা-বালিতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বাবর আলী মোল্লা ওরফে বাবু এবং মোস্তাফিজুর রহমান ওরফে খোকা জানান, ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজী নিজের কয়েক বিঘা এবং অন্যের কাছ থেকে লিজ নেওয়া জমি মিলিয়ে প্রায় ১৭ বিঘা কৃষিজমিতে কয়েক বছর আগে মাছের ঘের করেন। তাদের অভিযোগ, ঘেরের পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনের ওপর পাকা স্থাপনা নির্মাণ করায় পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এতে আশপাশের জমিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে জমির মালিকেরা বাধ্য হয়ে কম দামে পানিফল চাষিদের কাছে জমি লিজ দিচ্ছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, গত অক্টোবরের শেষ সপ্তাহে ঘেরের উপরিভাগের মাটি চার লাখ টাকায় কেনেন মাঝ সখীপুর গ্রামের জেহের আলী সরদারের ছেলে ডাম্পার মালিক আবু জাফর, জাহাঙ্গীর হোসেন, শহীদুল্লাহসহ কয়েকজন। পরে দুটি থেকে তিনটি স্কেভেটর দিয়ে মাটি কেটে ছয়টি ডাম্পারে করে ইটভাটায় নেওয়া শুরু হয়। কলেজ মাঠে কিছু মাটি ফেলে ড্রেসিং করে দেওয়ার শর্তে ডাম্পার চলাচলের অনুমতি নেওয়া হয়েছে বলেও জানান তারা।

কলেজ মাঠে সদ্য ফেলা মাটি ড্রেসিংয়ের দায়িত্বে থাকা আব্দুর রশিদ মোল্লা বলেন, “যারা মাঠে মাটি দিচ্ছে, তারা কি ফ্রি দেবে? মাটির বিনিময়ে তো ১৭ বিঘা জমির কাটা মাটি কলেজ মাঠ দিয়েই ভাটায় নিয়ে যাবে।”

এদিকে ডাম্পারের ধুলা-বালিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সখীপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেবিএ সরকারি কলেজের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তাহমিনা খাতুন ও পঞ্চম শ্রেণির ছাত্র আহসান হাবিব জানায়, ১৫ দিনের বেশি সময় ধরে বিদ্যালয়ের সামনের মাঠ ও রাস্তা দিয়ে মাটিভর্তি ডাম্পার চলাচল করছে। এতে ধুলা-বালি উড়ে তাদের শ্বাসকষ্ট হচ্ছে। প্রতিদিন পোশাক ও স্কুলব্যাগ ময়লা হয়ে যাচ্ছে।

কেবিএ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন ও তৃতীয় বর্ষের ছাত্রী তাহমিনা খাতুন জানান, ডাম্পার চলাচলের কারণে মাঠে নতুন করে গর্ত তৈরি হচ্ছে। পরিবেশও নষ্ট হচ্ছে। মাঠের উত্তর পাশের ব্যবসায়ী আল আমিন বলেন, ধুলা-বালির কারণে দোকানে বসে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে ব্যবসা বন্ধ করে দিতে হবে।

স্থানীয়দের অভিযোগ, ডাম্পার চলাচলের প্রতিবাদ করায় কয়েকজন গ্রামবাসী হুমকির মুখে পড়েছেন। প্রশাসনকে জানিয়েও কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজী বলেন, জলাবদ্ধতার কারণে জমিতে ধান ও মাছ চাষ সম্ভব হচ্ছে না। তাই কৃষিজমিতে করা ঘেরের মাটি সবুরের কাছে বিক্রি করেছেন। ডাম্পার চলাচলে ইটসোলিং রাস্তার ক্ষতি হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, মাটি কাটা শেষ হলে রাস্তা মেরামতের টাকা দিয়ে দেবেন।

ইসলামিয়া ব্রিকসের ম্যানেজার আনছার আলী ইউপি সদস্য নূর মোহাম্মদ গাজীর জমি থেকে মাটি কেনার কথা স্বীকার করে বলেন, “তাহলে কি ভাটায় মাটি নেওয়া যাবে না?”

ডাম্পার মালিক আবু জাফর বলেন, আব্দুস সবুর নন, তিনি নিজে এবং আরও কয়েকজন মিলে নূর মোহাম্মদ গাজীর জমির মাটি কিনে ইটভাটায় সরবরাহ করছেন। খুলনা থেকে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।

সখীপুর কেবিএ সরকারি কলেজের অধ্যক্ষ অলোক কুমার মুখার্জী বলেন, প্রথমে ডাম্পার চলাচলে বাধা দেওয়ায় কাজ বন্ধ ছিল। পরে মাঠে কিছু মাটি ফেলে ড্রেসিং করে দেওয়ার শর্তে কয়েক দিনের জন্য মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। মাঠে খেলাধুলা শুরু হওয়ার আগে ড্রেসিংয়ের কাজ শেষ করতে তাদের বলা হয়েছে। এ বিষয়ে রোববার কলেজে আবারও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৌমেন মিত্র বলেন, কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় কিংবা অন্যত্র বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, সখীপুর কেবিএ সরকারি কলেজের অধ্যক্ষ মাঠের জন্য কিছু মাটি ভরাট করছেন বলে তিনি জানেন। তবে সরকারি ইটসোলিং রাস্তা ক্ষতিগ্রস্ত করা এবং কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কৃষিজমির উপরিভাগের মাটি বিক্রি, সরকারি রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের ক্ষয়ক্ষতি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সামনে আসায় এখন স্থানীয়দের প্রত্যাশা—প্রশাসন দ্রুত সরেজমিন তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং ক্ষতিগ্রস্ত রাস্তা ও মাঠ পুনরুদ্ধারের উদ্যোগ নেবে।

لم يتم العثور على تعليقات


News Card Generator