মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ড ভ্যানচালক জসিম (৪০), মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে। অন্য দুজন হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে রিপন মিয়া (২৩)।
পুলিশ জানায়, রাত ২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আড়াইটার দিকে ঢাকা থেকে আসা ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী একটি কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন।
পরে তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,"দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি ও নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।