পরীক্ষার খাতায় উত্তর লেখার পরিবর্তে সরকারের কাছে বউ চেয়ে অদ্ভুত এক আবেদন করেছেন দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী। শুধু তাই নয়, পরীক্ষার খাতায় রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়েও ব্যঙ্গাত্মক ছন্দ লিখেছেন তিনি। এ ঘটনা ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আইনউদ্দিন কলেজে।
ওই শিক্ষার্থীর নাম ফয়সাল আলী। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে। কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার ইসলামের ইতিহাস বিষয়ের খাতায় এসব কথা লেখেন তিনি।
পরীক্ষার খাতায় ফয়সাল লেখেন, ‘মানুষ কী চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়। এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর, তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে? তাই আমি সরকারকে বলতে চাই, তাদের অন্তত একটা করে বউ দেওয়া উচিত। নইলে আর তাদের বাঁচানো যাচ্ছে না।’
এ ছাড়া পরীক্ষার খাতায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও ব্যঙ্গাত্মক ছন্দ লেখেন তিনি। পাশাপাশি শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
এ বিষয়ে মুঠোফোনে শিক্ষার্থী ফয়সাল আলীর সঙ্গে কথা হলে তিনি জানান, পরীক্ষার সময় তাঁর কেমন যেন লাগছিল, ভালো লাগছিল না। সে কারণেই খাতায় এসব লিখেছেন।
এ বিষয়ে সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। শিক্ষার্থীদের কখনোই এ ধরনের শিক্ষা দেওয়া হয় না। এ ঘটনায় বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর বাবাকে কলেজে এসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সব শিক্ষার্থীর উচিত ভদ্রতা ও শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনায় অধিক মনোযোগী হওয়া।
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র | আই নিউজ বিডি
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র
ছবি: সংগৃহীত
Nenhum comentário encontrado