ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে ফরিদপুরের বোয়ালমারীতে রাত ও ভোরে পৃথকভাবে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেছেন সংগঠনটির সাবেক নেতাকর্মীদের একটি অংশ। এতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
বুধবার (১১ নভেম্বর) ভোর ৬টার দিকে বোয়ালমারী উপজেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন মাসুদের নেতৃত্বে একদল নেতাকর্মী মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় ধর্মঘটের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একই মহাসড়কে অবরোধ ও মশাল মিছিল করেন আরেকটি দল। বোয়ালমারী উপজেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা গালিবুর রহমান গালিব মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সড়কে অবস্থান নিয়ে মশাল জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং ধর্মঘটের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
একই দাবিতে রাতের গভীরতা পেরিয়ে ভোরেও পৃথক কর্মসূচি পালনের ঘটনায় এলাকায় রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। দুই দফা কর্মসূচির কারণে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয় বলে জানা গেছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, মিছিলটির একটি ভিডিও দেখেছি কিন্তু তাৎক্ষণিকভাবে সনাক্ত করা যায়নি ধারণকৃত ভিডিওর স্থানটি। তিনি বলেন, সম্ভাব্য মহাসড়কের যে কোন স্থান থেকে ভিডিও করে ফেসবুকে ছাড়া হয়েছে।