ফরিদপুরে রান্নাঘর থেকেই স্বাবলম্বী হচ্ছেন শতাধিক নারী, ঘরে তৈরি… | আই নিউজ বিডি

ফরিদপুরে রান্নাঘর থেকেই স্বাবলম্বী হচ্ছেন শতাধিক নারী, ঘরে তৈরি কেকের ব্যবসায়..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুরে রান্নাঘর থেকেই স্বাবলম্বী হচ্ছেন শতাধিক নারী, ঘরে তৈরি কেকের ব্যবসায়..
ফরিদপুরে রান্নাঘর থেকেই স্বাবলম্বী হচ্ছেন শতাধিক নারী, ঘরে তৈরি কেকের ব্যবসায়..
ছবি: সংগৃহীত
জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ আয়োজনে কেক এখন উদযাপনের অন্যতম অনুষঙ্গ। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কেকের চাহিদা এবং জনপ্রিয়তা পেয়েছে ঘরে তৈরি বিভিন্ন স্বাদের ও নকশার কেক।..

ফরিদপুর প্রতিনিধি

আর এই চাহিদাকে ঘিরেই ফরিদপুরে গড়ে উঠেছে নারীদের নতুন এক উদ্যোক্তা শ্রেণি। ঘরের রান্নাঘরে শখের বশে কেক তৈরি শুরু করে এখন অনলাইন ব্যবসায় সফল হচ্ছেন জেলার শতাধিক নারী। কেউ পড়াশোনার পাশাপাশি, কেউ সংসারের দায়িত্ব পাশাপাশি, আবার কেউ কেক তৈরির প্রশিক্ষণ দিয়ে অন্য নারীদেরও উদ্যোক্তা হওয়ার পথ দেখাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপকে কাজে লাগিয়ে অনেকেরই মাসিক বিক্রি দাঁড়িয়েছে কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত।

ফরিদপুরের এমনই একজন উদ্যোক্তা তাবাসসুম হোসাইন তিথলি। অনার্স দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি মা শামীমা নাসরিনকে সঙ্গে নিয়ে কেক ও ফ্রোজেন ফুড তৈরি করছেন। শখ থেকেই তাঁদের এই উদ্যোগের শুরু। প্রথম দিকে পরিবারের সদস্য ও পরিচিতজনদের জন্য কেক তৈরি করতেন তাঁরা। ধীরে ধীরে পরিচিতজনদের প্রশংসা ও অর্ডার পেতে শুরু করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ খুলে শুরু করেন বাণিজ্যিকভাবে কেক বিক্রি। মা-মেয়ের সম্মিলিত প্রচেষ্টায় এখন ব্যবসার পরিধি বেড়েছে। বর্তমানে প্রতি মাসে তাঁদের প্রায় ৫০ হাজার টাকার কেক বিক্রি হয়।

তিথলি বলেন, পড়াশোনার পাশাপাশি নিজের কিছু করার ইচ্ছা থেকেই কেক তৈরির কাজ শুরু করেন তিনি। শুরুতে বিষয়টি শখ হলেও ক্রেতাদের ইতিবাচক সাড়া পেয়ে এটিকে ব্যবসায় রূপ দেওয়ার সাহস পান। এ কাজে মায়ের সহযোগিতা তাঁর সবচেয়ে বড় শক্তি। পড়াশোনার পাশাপাশি সময় ভাগ করে কেক তৈরি, অর্ডার নেওয়া ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করছেন তাঁরা। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বড় পরিসরে নেওয়ার স্বপ্ন দেখেন তিনি।

সংসারের দায়িত্ব সামলেও নিজের পরিচয় ও আর্থিক সক্ষমতা তৈরি করা সম্ভব—তার উদাহরণ আয়শা সিদ্দিকা স্মৃতি। তিন সন্তানের এই মা সংসারের কাজের পাশাপাশি অনলাইনে কেক বিক্রি শুরু করেন। নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয় থেকেই তাঁর এই যাত্রা। শুরু থেকেই এ কাজে স্বামীর সহযোগিতা পেয়েছেন তিনি। কেক তৈরির উপকরণ সংগ্রহ ও অর্ডার নেওয়া থেকে শুরু করে ব্যবসার বিভিন্ন কাজে স্বামীর উৎসাহ তাঁকে এগিয়ে যেতে সহায়তা করেছে।

শুরুতে সীমিত পরিসরে কেক তৈরি করে পরিচিতজনদের কাছে বিক্রি করতেন স্মৃতি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রেতা বাড়তে থাকায় নিয়মিত অর্ডার নেওয়া শুরু করেন। বর্তমানে তাঁর মাসিক কেক বিক্রির পরিমাণ প্রায় এক লাখ টাকা। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের উপার্জনে পরিবারের আর্থিক অবস্থায়ও অবদান রাখছেন তিনি।

আয়শা সিদ্দিকা স্মৃতি বলেন, সংসার ও সন্তানদের দেখাশোনার পাশাপাশি নিজের একটি পরিচয় তৈরি করার ইচ্ছা থেকেই কাজটি শুরু করেছিলেন। শুরুতে অনেক কিছুই নতুন ছিল, তবে স্বামীর উৎসাহ ও সহযোগিতা তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছে। এখন নিয়মিত অর্ডার পাচ্ছেন। নিজের উপার্জন দিয়ে পরিবারে সহযোগিতা করতে পারা তাঁর কাছে বড় প্রাপ্তি। ভবিষ্যতে ব্যবসাটিকে আরও এগিয়ে নিতে চান তিনি।

অন্যদিকে, শখকে পেশায় রূপ দেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন নিলুফা ইয়াসমিন রত্না। ফরিদপুরের এই অভিজ্ঞ কেক উদ্যোক্তা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে কেক তৈরি করছেন। নিজের ব্যবসার পাশাপাশি নতুনদের হাতে-কলমে কেক তৈরির প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে অনেকেই নিজেদের উদ্যোগ শুরু করার সুযোগ পাচ্ছেন।

বিভিন্ন অনুষ্ঠান ও বড় আয়োজনের কেকের অর্ডার নেন রত্না। এক দিনে সর্বোচ্চ ১০০ পাউন্ড কেক তৈরি করে প্রায় ৫০ হাজার টাকা বিক্রির রেকর্ড রয়েছে তাঁর। এ ছাড়া এককভাবে ৬০ পাউন্ড ওজনের কেকও তৈরি করেছেন তিনি। বড় অর্ডার সামলাতে প্রয়োজন হয় পরিকল্পনা, দক্ষতা ও সময় ব্যবস্থাপনার। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়েই নিজের ব্যবসার পরিধি বাড়িয়েছেন এই উদ্যোক্তা।

নিলুফা ইয়াসমিন রত্না বলেন, কেক তৈরির কাজকে শুধু ব্যবসা হিসেবে নয়, দক্ষতা ও সৃজনশীলতার জায়গা হিসেবেও দেখেন তিনি। শুরুতে নিজের আগ্রহ থেকেই কাজটি শুরু করেছিলেন। পরে ক্রেতাদের চাহিদা ও সাড়া পেয়ে পেশাদারভাবে এগিয়ে যান। এখন নিজের কাজের পাশাপাশি অন্য নারীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন, যাতে তাঁরাও ঘরে বসে আয় করার সুযোগ পান। তাঁর মতে, সঠিক প্রশিক্ষণ, মানসম্মত উপকরণ এবং ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে এই খাতে ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে।

শখের বশে কেক তৈরি শুরু করেছিলেন গৃহিণী রহিমা সুলতানা রিদি। পরিবারের সদস্যদের জন্য কেক বানাতে বানাতেই তৈরি হয় দক্ষতা। পরে পরিচিতজনদের অনুরোধ ও আগ্রহ দেখে কেক বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্যোগের প্রচার শুরু করলে ধীরে ধীরে অর্ডার আসতে থাকে। বর্তমানে ঘরে বসেই নিয়মিত কেক তৈরি ও বিক্রি করছেন রিদি। প্রতি মাসে তাঁর কেক বিক্রির পরিমাণ ২০ থেকে ২৫ হাজার টাকা।

রহিমা সুলতানা রিদি বলেন, প্রথমে নিজের শখ পূরণের জন্য কেক তৈরি করতেন। পরে বুঝতে পারেন, এই কাজের মাধ্যমে ঘরে বসেই আয় করা সম্ভব। সেখান থেকেই ব্যবসা শুরু। এখন ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের কেক তৈরি করছেন। নিজের উপার্জনে সংসারে সহযোগিতা করতে পারছেন, পাশাপাশি আর্থিকভাবে অন্যের ওপর নির্ভরশীলতাও কমেছে। তাঁর মতে, ইচ্ছা ও পরিশ্রম থাকলে ঘরে বসে নারীরাও ছোট পরিসরে ব্যবসা শুরু করতে পারেন।

ফরিদপুরে ঘরে তৈরি কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে নারীদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, অল্প পুঁজি ও নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে নারীরা এখন ঘরে বসেই ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলছেন। এসব উদ্যোগকে টেকসই ও সম্প্রসারিত করতে উদ্যোক্তাদের নিবন্ধন, প্রশিক্ষণ এবং ঋণসহায়তার সুযোগ রয়েছে।

বিসিক ফরিদপুরের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবির বলেন, ঘরে তৈরি খাদ্যপণ্য নিয়ে নারীদের উদ্যোগকে তাঁরা উৎসাহিত করছেন। যাঁরা কেক, পেস্ট্রি কিংবা অন্যান্য খাদ্যপণ্য তৈরি করে ব্যবসা করছেন, তাঁদের বিসিকের আওতায় নিবন্ধনের সুযোগ রয়েছে। নিবন্ধনের মাধ্যমে উদ্যোক্তারা প্রাতিষ্ঠানিক পরিচিতি পাওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন। এ ছাড়া উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে বিসিকের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে খাদ্যপণ্য তৈরি, মান নিয়ন্ত্রণ, উৎপাদন ও ব্যবসা পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ তাঁদের উদ্যোগকে আরও কার্যকর করতে সহায়তা করে।

তিনি আরও বলেন, যেসব উদ্যোক্তা ব্যবসা সম্প্রসারণ করতে চান, তাঁদের জন্য স্বল্প সুদে ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। প্রয়োজনীয় নিয়মকানুন ও যোগ্যতা পূরণ করে আবেদন করলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ঋণ পাওয়া সম্ভব। নতুন উদ্যোক্তাদের শুধু পণ্য তৈরি করলেই হবে না, পণ্যের গুণগত মান, পরিচ্ছন্নতা, সঠিক মূল্য নির্ধারণ এবং বাজারজাতকরণের বিষয়েও গুরুত্ব দিতে হবে। বিসিকের লক্ষ্য হলো, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করা এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহযোগিতা করা।

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে ঘরে তৈরি খাদ্যপণ্যের বাজার এখন আগের চেয়ে অনেক বড় হয়েছে। বিশেষ করে নারীদের জন্য এই খাতে উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে ব্যবসা দীর্ঘস্থায়ী করতে পণ্যের মান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন, সময়মতো অর্ডার সরবরাহ এবং ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা জরুরি।

ফরিদপুরের এসব নারী উদ্যোক্তার গল্প বলছে, একটি ছোট উদ্যোগও হয়ে উঠতে পারে স্বাবলম্বী হওয়ার বড় মাধ্যম। প্রয়োজনীয় প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও বাজার সম্প্রসারণের সুযোগ পেলে ঘরের রান্নাঘরে শুরু হওয়া এসব উদ্যোগ একদিন আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে।

Walang nakitang komento


News Card Generator