সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের মহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মহতাপুর নূরানী মাদ্রাসার সামান্য সামনে হানতির বাড়ির রাস্তার পাশে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ধারণা করা হচ্ছে, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তার মৃত্যু হয়েছে।
নিহত তাইবা ইলহাম নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের বাসিন্দা। সে সদর উপজেলার মহতাপুর গ্রামে অবস্থিত মহতাপুর নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বাড়ির কাছেই ওই মাদ্রাসায় পড়াশোনা করত নুহা। সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার পর দুপুরের বিরতিতে বাড়িতে আসে। পরে আবার মাদ্রাসায় ফিরে যায়। বিকেলে স্থানীয় লোকজন বাড়ির পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
এদিকে শিশুটির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ঘটনার প্রতিবাদ, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অন্যদিকে মঙ্গলবার (১০ নভেম্বর) মাগরিবের নামাজের পর শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তদন্ত চলছে।