সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে হবিগঞ্জ এনসিপির নেতার পদত্যাগ | আই নিউজ বিডি

সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে হবিগঞ্জ এনসিপির নেতার পদত্যাগ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে হবিগঞ্জ এনসিপির নেতার পদত্যাগ..
সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে হবিগঞ্জ এনসিপির নেতার পদত্যাগ..
ছবি: সংগৃহীত
****

নতুন রাজনৈতিক দল ও পরিবর্তনের আশা দেখিয়ে সাধারণ মানুষের আবেগ নিয়ে প্রতারণা করার অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা এনসিপির (ন্যাশনাল সিটিজেন পার্টি) এক নেতা। সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ৮ মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী ওই নেতার নাম ফজলুল করিম। তিনি ভিডিও বার্তায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিওতে টেবিলে রাখা হাতে লেখা কাগজ এবং মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট প্রদর্শন করে ফজলুল করিম বলেন, কেন্দ্রীয় নেতা সারজিস আলম একজন ‘ভণ্ড প্রতারক’। তার মুখে এক কথা থাকলেও কাজে তার কোনো মিল নেই। সাধারণ কর্মীদের আবেগ ও প্রত্যাশা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।

নতুন রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, "নতুন দল ও নতুন আশার কথা বলে মানুষকে মূলত মধুর বোতল দেখানো হয়েছিল। কিন্তু সেই বোতলের ভেতরে ভরে দেওয়া হয়েছে পুরোনো মদ। জাতি আজ বুঝতে পেরেছে, এটি নতুন কোনো রাজনীতি নয়; বরং পুরোনো রাজনীতিরই নতুন মোড়ক।"

পরিবর্তনের প্রত্যাশায় বিশ্বাস করে এনসিপিতে যোগ দিয়েছিলেন উল্লেখ করে ফজলুল করিম বলেন, তিনি ভেবেছিলেন এই দলে চাঁদাবাজি, দালালি ও প্রতারণার কোনো স্থান হবে না। কিন্তু বাস্তবে দলের কার্যক্রমে এর সম্পূর্ণ উল্টো চিত্র দেখতে পেয়েছেন। তাই এ ধরনের রাজনীতির সঙ্গে আর যুক্ত থাকতে চান না বলে সাফ জানিয়ে দেন তিনি।

দলের অভ্যন্তরীণ অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের স্থান দেওয়া হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে তিনি জানান, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক পছন্দ-অপছন্দের ভিত্তিতে কমিটি গঠন করা হচ্ছে। ভিডিওতে নিজের দাবির পক্ষে বেশ কিছু হোয়াটসঅ্যাপ বার্তাও ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি।

ভিডিওর শেষ প্রান্তে এসে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়ে ফজলুল করিম বলেন, "আজ থেকে আমি এনসিপির কোনো পদ-পদবিতে নেই। আমি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলাম।"

তবে ফজলুল করিমের আনীত এসব গুরুতর অভিযোগের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় বা স্থানীয় দায়িত্বশীল কোনো নেতার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

Комментариев нет


News Card Generator