মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ৫৫ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিস্কুট, কম্বল, বাংলা মদ ও বীজ আলু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের নোয়াহাটি এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিস্কুট ও কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
একই দিন বিকেল ৪টায় তেলিয়াপাড়া বিওপির টহল দল উপজেলার শাহনুর মাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮ লিটার বাংলা মদ ও ৫৯ কেজি বীজ আলু জব্দ করে। এসব পণ্যের মূল্য ৫ হাজার ৩৫০ টাকা।
জব্দ করা পণ্য ও মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।