শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক পাঁচটি অভিযানে ভারতীয় গুঁড়া দুধ, ওষুধ, মোবাইলের খুচরা যন্ত্রাংশ, চার্জিং পিন ও আরসি কাফ সিরাপ জব্দ করা হয়।
রোববার (৮ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির সদস্যরা এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
অভিযানের বিবরণ অনুযায়ী, পদ্মশাখরা বিওপির সদস্যরা ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় গুঁড়া দুধ জব্দ করেন। কাকডাঙ্গা বিওপির পৃথক অভিযানে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। মাদরা বিওপির অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল চার্জিং পিন এবং সুলতানপুর বিওপির অভিযানে ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইলের খুচরা যন্ত্রাংশ জব্দ করা হয়।
এ ছাড়া ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল হাড়দ্দহা এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আরসি কাফ সিরাপ আটক করে। পাঁচটি অভিযানে জব্দ করা এসব পণ্যের সর্বমোট বাজারমূল্য ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং দেশীয় শিল্পের বিকাশে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।