জননিরাপত্তায় প্রশাসন-পুলিশের সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় আইনশৃঙ্খলা… | আই নিউজ বিডি

জননিরাপত্তায় প্রশাসন-পুলিশের সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় আইনশৃঙ্খলা সভায় একগুচ্ছ সিদ্ধান্ত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
জননিরাপত্তায় প্রশাসন-পুলিশের সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় আইনশৃঙ্খলা সভায় একগুচ্ছ সিদ্ধান্ত..
জননিরাপত্তায় প্রশাসন-পুলিশের সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় আইনশৃঙ্খলা সভায় একগুচ্ছ সিদ্ধান্ত..
ছবি: সংগৃহীত
মাদক-জুয়া-মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ, যানজট ও বাল্যবিয়ে প্রতিরোধেও নির্দেশনা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। একই সঙ্গে হলুদ সাংবাদিকতা, অনলাইন জুয়া, মাদক, সংঘবদ্ধ অপরাধীচক্র ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আলোচিত হত্যা মামলাগুলোর আসামিদের দ্রুত গ্রেপ্তারের বিষয়েও আলোচনা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।

সভায় জেলা প্রশাসক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। মাদক, অনলাইন জুয়া, অপরাধ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শহরের যানজট নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

সভায় পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক কারবারি, সংঘবদ্ধ অপরাধীচক্র, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আলোচিত হত্যা মামলাগুলোর আসামিদের গ্রেপ্তারেও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, অপরাধসংক্রান্ত সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা সহজ হবে।

সভায় হলুদ সাংবাদিকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়া ও সংঘবদ্ধ অপরাধীচক্রের তৎপরতা দমন, মাদক নিয়ন্ত্রণ এবং মব ভায়োলেন্স প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শহরের যানজট নিরসনেত কার্যকর উদ্যোগ গ্রহণ এবং আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া বাল্যবিয়ে প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক, বিজিবির উপ-অধিনায়ক, সাতক্ষীরার সরকারি দুটি কলেজের অধ্যক্ষ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, বিএনপি নেত্রী ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Walang nakitang komento


News Card Generator