মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান): কাজের সন্ধানে রামুতে লুকিয়ে থাকা ৭ জন রোহিঙ্গা শরণার্থীকে আলীকদমে আটক করেছে বিজিবি। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানায়, গত ৭ নভেম্বর ২০২৬ রাত ৮টা ৪৫ মিনিটে ২নং জিপি গেইট সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারণে ৭ জনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আনুমানিক ২ মাস আগে দালাল চক্রের মাধ্যমে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন।
আটককৃতদের মধ্যে ১৪ নং হাকিমপাড়া ক্যাম্পের ৩ জন, ১৭ নং বালুখালি ক্যাম্পের ২ জন, ১৮ নং বালুখালি ক্যাম্পের ১ জন এবং ৯ নং বালুখালি ক্যাম্পের ১ জন রয়েছেন।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ ৮ নভেম্বর ২০২৬ (রোববার) রাত ২টায় তাদের আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি নং-২১/২০২৬ এ এ তথ্য জানানো হয়েছে।