‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমবায় কার্যালয়, সদর উপজেলা কার্যালয় এবং সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (০৮ নভেম্বর) আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও আত্মনির্ভরশীলতা অর্জনে সমবায় আন্দোলনের গুরুত্ব অপরিসীম। তিনি সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান এবং দেশের অর্থনীতিতে সমবায়ের অবদানকে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সমবায় খাতের বিভিন্ন দিক এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব তুলে ধরে অন্যান্য বক্তারাও বক্তব্য রাখেন। সভায় স্থানীয় সমবায়ীবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।