ঈশ্বরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত | আই নিউজ বিডি

ঈশ্বরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
ছবি: সংগৃহীত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তৌহিদুর রহমান মিলন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কাশেম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, শিক্ষা ও কর্মচারী কো-অপারেটিভ সোসাইটির সভাপতি আমিনুল হক, অবসরপ্রাপ্ত পরিদর্শক হাসিম উদ্দিন এবং ঘাগড়াপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি সমবায়ী আফরুজা বেগম প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ বলেন, সমবায় হলো সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমবায় প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সমবায় কার্যক্রম পরিচালিত হলে বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এ জন্য সমবায় প্রতিষ্ঠানগুলোকে দল মতনির্বিশেষে সবার কল্যাণে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator