রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সুলতান আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা ঐতিহাসিক 'খাল খনন কর্মসূচি'র ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার কর্তৃক দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি চালুর মূল কারণ হলো সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা। এই কর্মসূচি ধামইরহাট উপজেলার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং ফসল উৎপাদন বাড়বে। মানুষজন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে। এই এলাকায় মৎস্য চাষ, হাঁস পালন, খালের দুই পাড়ে সবুজায়ন করে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। মোট কথায় কৃষি উৎপাদন বাড়বে বলে জিডিপিতে ভালো ভূমিকা রাখবে।
উপজেলা সমবায় কর্মকর্তা শাহ সুলতান বলেন, ধামইরহাটে ১৫২ টি সমবায় সমিতি রয়েছে। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে উপজেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে টেকসই উন্নয়ন সম্ভব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল করিম, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা, পৌর মহিলা দলের সভানেত্রী মোছা. বেলি খাতুন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. আতাউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি আবু সাইদ, মঙ্গলখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি নুর আলম এবং সাধারণ সম্পাদক মো. রিফাতুল হাসান চৌধুরী সৈকত। এছাড়াও উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমবায় কার্যক্রমে অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সমিতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ধামইরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন | আই নিউজ বিডি
ধামইরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ছবি: সংগৃহীত
لم يتم العثور على تعليقات