রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি ও দখলদারত্ব করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর রূপনগরে রূপনগর থানা ছাত্রদলের উদ্যোগে বৃহত্তর রূপনগর ও ৬ নম্বর ওয়ার্ডের ১৮টি স্পোর্টিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না। কেউ দলের নাম ভাঙিয়ে কিংবা আমার নাম ব্যবহার করে চাঁদাবাজি বা দখলদারত্ব করলে সবার আগে তাকে ধরে পুলিশে দেবেন। আপনারা না পারলে আমাকে জানাবেন, আমি তাদের আইনের হাতে তুলে দেব।’
তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ প্রজন্মকে অপরাধ ও বিশৃঙ্খলা থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। তরুণদের ইতিবাচক পরিবর্তনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
প্রতিমন্ত্রী জানান, পল্লবী ও রূপনগরের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে স্পোর্টিং ক্লাব, ক্রীড়া একাডেমি ও সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা হবে। ইতোমধ্যে ১২টি ক্লাব উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আরও ১৮টি ক্লাব উদ্বোধন করা হয়। আগামী শুক্রবার ৫ নম্বর ওয়ার্ডে আরও ১২টি ক্লাব উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
এলাকার ক্রীড়া অবকাঠামো উন্নয়নে পাঁচটি ফুটসাল মাঠ ও দুটি সুইমিং পুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে রূপনগরের মুকুল ফৌজ মাঠ উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বেকার তরুণদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিং প্রশিক্ষণের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
বৃহত্তর মিরপুরে সরকারি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পল্লবী সরকারি কলেজের পেছনে সাগুফতা মোড় এলাকায় প্রায় ১০ একর জমি হাসপাতাল নির্মাণের জন্য বরাদ্দের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে।
বক্তব্যের শেষ পর্যায়ে মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারলেই একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।