তারেক রহমানের ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় সিজন… | আই নিউজ বিডি

তারেক রহমানের ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় সিজন উদ্বোধন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
তারেক রহমানের ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় সিজন উদ্বোধন..
তারেক রহমানের ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় সিজন উদ্বোধন..
ছবি: সংগৃহীত
শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়ামুখী করতে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী আয়োজন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা :

শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাতক্ষীরায় এক ভিডিও কনফারেন্সিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করার মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় সিজনের উদ্বোধন ঘোষণা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাব্লু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার আলী, জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুখ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার এবং সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোর ও তরুণদের মেধা, মনন এবং ক্রীড়া প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের উদ্যোগকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

বক্তারা আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় সিজনের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার যাতে স্বচ্ছন্দ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তর, প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান তারা।

সভায় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের কারিগরি প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Ingen kommentarer fundet


News Card Generator