আদালতে জামিনের পরও বিতর্কে পরীমণি, সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ | আই নিউজ বিডি

আদালতে জামিনের পরও বিতর্কে পরীমণি, সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আদালতে জামিনের পরও বিতর্কে পরীমণি, সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ..
আদালতে জামিনের পরও বিতর্কে পরীমণি, সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ..
ছবি: সংগৃহীত
****

আদালত থেকে জামিন পাওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণির। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পান তিনি। তবে আদালত প্রাঙ্গণে তার উপস্থিতি ঘিরে তৈরি হয় উত্তেজনা ও বিশৃঙ্খলা।

জানা যায়, আদালত থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় পরীমণির অভিযোগ, কেউ তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং তাকে গালাগাল করার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে।

অন্যদিকে, পরীমণির সঙ্গে আসা কালো পোশাকধারী কয়েকজন নিরাপত্তাকর্মীর ধাক্কাধাক্কিতে এক বিচারপ্রার্থীর মাথায় আঘাত লাগার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সাংবাদিকের দাবি, পরীমণির ভিডিও ধারণ করায় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এ ছাড়া একটি ট্রাইপড ভাঙচুরের অভিযোগও উঠেছে।

আদালত থেকে বের হওয়ার পর নিজের ফেসবুকেও আপত্তিকর ভাষায় একটি পোস্ট দেন পরীমণি। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুর মামলায় বুধবার আদালতে হাজির হওয়ার কথা ছিল পরীমণির। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজির না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে তার আচরণ, সাংবাদিকের সঙ্গে বিরোধ এবং নিরাপত্তাকর্মীদের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সূত্র: কালবেলা।

No comments found


News Card Generator