মৌলভীবাজার সদরের তিন পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ | আই নিউজ বিডি

মৌলভীবাজার সদরের তিন পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ

Satyajit Das avatar   
Satyajit Das
মৌলভীবাজার সদরের তিন পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ
মৌলভীবাজার সদরের তিন পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ
ছবি: সংগৃহীত
অক্টোবর মাসের কর্মদক্ষতা মূল্যায়নে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি, এসআই ও এএসআইসহ একাধিক কর্মকর্তা পেলেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।..

মৌলভীবাজার জেলা পুলিশের অক্টোবর মাসের কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ থানার বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার কর্মকর্তারা। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তাসহ একাধিক পুরস্কার পেয়েছেন এ থানার পুলিশ সদস্যরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এসব পুরস্কার প্রদান করা হয়।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

অক্টোবর মাসের কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। একই থানার এসআই ওবায়দুল্লাহ শ্রেষ্ঠ এসআই এবং এএসআই মো. রানা মিয়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন। এছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা নির্বাচিত হন জুড়ী ট্রাফিক বিভাগের টিএসআই মো. আলাউদ্দিন।

এদিকে,বিভিন্ন মামলার তদন্তে বিশেষ সাফল্য, আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল ও আলামত উদ্ধার এবং আসামিদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বড়লেখা থানার এসআই শফিকুল ইসলাম, শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ পারভেজ ভূইয়া ও মৌলভীবাজার সদর থানার এসআই আশরাফুল আলম চৌধুরীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, পেশাগত সমস্যা ও সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এ সময় জনসাধারণকে পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদান এবং পুলিশের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জেলা পুলিশের সব ইউনিটকে সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আসন্ন শীত মৌসুমে চুরি-ডাকাতিসহ অপরাধ প্রতিরোধে নিরাপত্তা জোরদার, টহল বৃদ্ধি এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারির জন্য থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

No se encontraron comentarios


News Card Generator