আফজল খান শিমুল :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দুর্জয়নগর- চরনারায়ণপুর গ্রামে স্বামীর ছুরিকাঘাতে হালিমা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত হালিমা বেগম আখাউড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের রাধানগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রাধানগরের বাসিন্দা মোঃ রফিক মিয়ার মেয়ে। তার প্রথম স্বামী ছিলেন গোপীনাথপুরের হাতেম আলীর ছেলে মাহফুজ মিয়া। পরবর্তীতে কিছুদিন আগে দুর্জয়নগর চরনারায়ণপুরের মোঃ সিদ্দিক মিয়ার ছেলে আলী আজগরের সাথে তার বিয়ে হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২৬ রাতে পারিবারিক কলহের জেরে স্বামী আলী আজগর ধারালো ছুরি দিয়ে স্ত্রী হালিমার তলপেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩ নভেম্বর ২০২৬ সোমবার বেলা ৩ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে আখাউড়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
#highlightseveryone