ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা | আই নিউজ বিডি

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা..
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা..
ছবি: সংগৃহীত
মো: সৈকত হাসান, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিএসটিআই, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় চারটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠানে কোনো অনিয়ম পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাখুণ্ডা এলাকার মিনিবাস ফিলিং স্টেশনে অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহের ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে পরিমাপে সঠিকতা পাওয়া যায়। তবে ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(৩)/৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
লালখাঁর মোড় এলাকার রিজিক ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানের উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের সিএম লাইসেন্স সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০/৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ফরিদপুর-বরিশাল মহাসড়কের কাফুরা মুন্সীবাজার এলাকার আল বারাকাহ এন্ড কোং নামের প্রতিষ্ঠানটি গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একই এলাকার ইউনাইটেড ফিলিং স্টেশনের সব ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে জ্বালানি তেলের পরিমাপে সঠিকতা পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো জরিমানা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর, জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Walang nakitang komento


News Card Generator