সিরাজগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের অংশগ্রহণে জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আয়োজিত এ প্যারেডে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান। প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ওপর ভিত্তি করে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং সাধারণ জনগণের সাথে সর্বোচ্চ উত্তম ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরে তিনি সাপ্তাহিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে জেলার বিভিন্ন যানবাহন ও চালক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
প্যারেড ও পরিদর্শনে সিরাজগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সব থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদের পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।