ভাঙা টিনশেড ঘরেই সাফল্যের সোনালি আলো, কালীগঞ্জে মাদ্রাসার একমাত্র… | আই নিউজ বিডি

ভাঙা টিনশেড ঘরেই সাফল্যের সোনালি আলো, কালীগঞ্জে মাদ্রাসার একমাত্র গোল্ডেন জিপিএ-৫ সামিয়ার..

MD MOLLAH avatar   
MD MOLLAH
ভাঙা টিনশেড ঘরেই সাফল্যের সোনালি আলো, কালীগঞ্জে মাদ্রাসার একমাত্র গোল্ডেন জিপিএ-৫ সামিয়ার..
ভাঙা টিনশেড ঘরেই সাফল্যের সোনালি আলো, কালীগঞ্জে মাদ্রাসার একমাত্র গোল্ডেন জিপিএ-৫ সামিয়ার..
ছবি: সংগৃহীত
****
 
ভাঙা টিনশেড ঘরেই সাফল্যের সোনালি আলো, কালীগঞ্জে মাদ্রাসার একমাত্র গোল্ডেন জিপিএ-৫ সামিয়ার
অবকাঠামোগত সংকটকে জয় করে ৭৭.৭৭ শতাংশ পাস; শৃঙ্খলা, শিক্ষকদের আন্তরিকতা ও সঠিক ব্যবস্থাপনাতেই অভাবনীয় সাফল্য
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
চারদিকে ভাঙাচোরা টিনশেড ঘর, শ্রেণিকক্ষের সংকট, নেই আধুনিক অবকাঠামোর সুযোগ-সুবিধা। এমন প্রতিকূল পরিবেশের মধ্যেই সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসা। এ বছরের আলিম পরীক্ষায় উপজেলার মাদ্রাসাগুলোর মধ্যে একমাত্র গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি। আর এই অসাধারণ কৃতিত্বের অধিকারী শিক্ষার্থী সানজিদা নাহার সামিয়া।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক, আলিম ও সমমানের পরীক্ষায় কালীগঞ্জ উপজেলায় সামগ্রিক ফলাফলে হতাশার চিত্র ফুটে উঠেছে। উপজেলায় পাসের হার মাত্র ৫০ শতাংশ। কলেজ পর্যায়েও জিপিএ-৫ অর্জনের সংখ্যা সীমিত। অন্যদিকে, উপজেলার কোনো মাদ্রাসা থেকে এবার আর কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি। এমন ফলাফল বিপর্যয়ের মধ্যে চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার ৭৭.৭৭ শতাংশ শিক্ষার্থীর পাস এবং একজনের গোল্ডেন জিপিএ-৫ অর্জন যেন আশার নতুন আলো দেখিয়েছে।
সরেজমিনে প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানের যে অবকাঠামোগত সুযোগ-সুবিধা থাকার কথা, তার অনেক কিছুই এখানে অনুপস্থিত। জরাজীর্ণ টিনশেড ঘর এবং মাত্র দুই কক্ষবিশিষ্ট একটি দোতলা ভবন নিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। সম্প্রতি আরও একটি একতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। শ্রেণিকক্ষের সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও শিক্ষার পরিবেশ এবং ফলাফলে তার প্রভাব পড়তে দেয়নি প্রতিষ্ঠানটির শিক্ষক ও পরিচালনা কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, এই সাফল্যের পেছনে রয়েছে নিয়মতান্ত্রিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের প্রতি নিবিড় নজরদারি এবং অভিভাবকদের সম্পৃক্ততা। প্রতিষ্ঠানের সদ্য বিদায়ী পরিচালনা পরিষদের সভাপতি মাহমুদুল হাসানের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষেই পাঠ সম্পন্ন ও মূল্যায়ন, ডায়েরি সংরক্ষণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইডি কার্ড বাধ্যতামূলক করা, নিয়মিত অভিভাবক সমাবেশ এবং অনুপস্থিত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার মতো কার্যক্রম চালু করা হয়। এসব উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি দায়িত্ববোধ ও শৃঙ্খলা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন বলেন, “উপজেলার অন্যান্য মাদ্রাসায় যখন ফলাফল বিপর্যয় ঘটেছে, তখন আমাদের প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠানটি ৭৭.৭৭ শতাংশ পাসের হার এবং গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। আমাদের অবকাঠামোগত সংকট রয়েছে। তবে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতা, নিয়মশৃঙ্খলা এবং সাবেক সভাপতির দূরদর্শী পদক্ষেপ এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
সদ্য বিদায়ী পরিচালনা পরিষদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা শিক্ষার মানোন্নয়নে কিছু নিয়মতান্ত্রিক উদ্যোগ গ্রহণ করি। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অভিভাবকদের সম্পৃক্ততা এবং শিক্ষকদের আন্তরিকতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করেছে, সুযোগ-সুবিধার অভাব মেধা ও সাফল্যের পথে বাধা হতে পারে না। তবে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।”
এ সাফল্যের কেন্দ্রবিন্দুতে থাকা শিক্ষার্থী সানজিদা নাহার সামিয়ার অর্জন যেন পুরো প্রতিষ্ঠানের গর্ব। উপজেলার কোনো মাদ্রাসা থেকে আর কেউ জিপিএ-৫ অর্জন করতে না পারলেও সামিয়া গোল্ডেন জিপিএ-৫ পেয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছে।
নিজের অনুভূতি জানিয়ে সামিয়া বলে, “মাদ্রাসার পড়াশোনার পরিবেশ এবং শিক্ষকদের নিরলস সহযোগিতাই আমার সাফল্যের প্রধান অনুপ্রেরণা। আমি প্রতিদিন নিয়মিত চার থেকে পাঁচ ঘণ্টা পড়াশোনা করতাম। এ ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষক ও পরিবারের সদস্যরা সব সময় আমাকে সাহস ও সহযোগিতা দিয়েছেন।”
চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের ফলাফলের সাফল্য নয়; এটি সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পরিকল্পিত শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের এক উজ্জ্বল উদাহরণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
মোঃ ওমর আলী মোল্যা 
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ -গাজীপুর।



Nema komentara


News Card Generator