রোববার (১ নভেম্বর) বিকেল তিনটায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ধামইরহাটের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সর্দার।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ সম্পন্ন করা ছয়জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত, কর্মমুখী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার সরকার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রাব্বি হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আতাউর রহমানসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।