বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, তারেক রহমানের নেতৃত্বে সার্বভৌমত্ব… | আই নিউজ বিডি

বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, তারেক রহমানের নেতৃত্বে সার্বভৌমত্ব রক্ষা করব: রিজভী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, তারেক রহমানের নেতৃত্বে সার্বভৌমত্ব রক্ষা করব: রিজভী..
বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, তারেক রহমানের নেতৃত্বে সার্বভৌমত্ব রক্ষা করব: রিজভী..
ছবি: সংগৃহীত
****

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বিএনপির কোনো প্রভু নেই যে দলটির নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাবেন। দেশের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর কোর্ট হাউস স্ট্রিট এলাকার ঢাকা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, একদিকে পরাজিত শক্তি, অন্যদিকে আরেকটি পক্ষ তাদের সঙ্গে একত্র হয়েছে। তবে বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে। বিদেশে তাদের আশ্রয় দেওয়ার মতো কোনো প্রভু নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে আইন প্রাঙ্গণে কিছুটা আশ্রয় পেয়েছিল বিএনপি। ১৭ বছর ধরে আদালতপাড়ার আইনজীবীদের সম্মিলিত প্রতিবাদই তাদের সহায় ছিল। এ সময় তিনি বিচারক ও ম্যাজিস্ট্রেটদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন।

সমমনা দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে যারা বিরোধী দলের রাজনীতি করছেন, তাদের ভূমিকা বিস্ময়কর। তারা বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। সংস্কারের কথা বলে তারা কী বোঝাতে চাইছেন, তা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা মারছে’—এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিপ্লবের কথা বললেও তাদের রাজনীতি আত্মসমর্পণ এবং স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার ইতিহাস।

দাবি আদায়ের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সাত দফা না মানলে এক দফার হুমকি কাকে দেওয়া হচ্ছে? রাজপথ কারও পৈতৃক সম্পত্তি নয়। বিএনপি ১৭ বছর ধরে নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছে, তাই এখন হাত গুটিয়ে বসে থাকবে না।

তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় মানতে বিএনপির কোনো আপত্তি নেই। তবে ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়গুলোর সমাধান সংসদীয় আলোচনার মাধ্যমেই হতে হবে, লংমার্চের মাধ্যমে নয়।

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে। তারেক রহমান দেশকে নিজের পায়ে দাঁড় করানোর উদ্যোগ নিয়েছেন। কিন্তু এসব উদ্যোগ উপেক্ষা করে গার্মেন্টস আন্দোলনের নামে যুবলীগ ও ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করছে বলে দাবি করেন তিনি।

Aucun commentaire trouvé


News Card Generator