শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশও থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির পুরোপুরি অবসান ঘটবে।
জাতীয় পার্টি প্রসঙ্গে সারজিস বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দলটির পতনের পর কিছুদিন তাদের তৎপরতা দেখা গেলেও নির্বাচনে এসে দলটির রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়েছে বলে তিনি মনে করেন।
গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা স্বজন হারিয়েছেন কিংবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষোভের গভীরতা সরাসরি কথা না বললে বোঝা কঠিন। দেশের যেকোনো প্রান্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে জনরোষ তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, জামায়াতের সঙ্গে এনসিপির জোটের অবস্থান নিয়ে সারজিস আলম বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে তাঁরা একসঙ্গে কাজ করছেন। তবে স্থানীয় নির্বাচনে প্রতিটি দল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।