ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার | আই নিউজ বিডি

ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং সরকারবিরোধী মিছিলে সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আশরাফুল করিম এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজিবপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় মিয়া (২১), মাইজহাটি গ্রামের রোকেল মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী নাইম (১৯), একই এলাকার আব্দুল হেকিমের ছেলে বায়েজিদ আলম (২০), ভাটিরচর নওপাড়া গ্রামের প্রয়াত ছয়েব আলীর ছেলে আনোয়ারুল ইসলাম সুজন (২০), আঠারবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের বায়োজিদ উল্লাহর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আনসার উল্লাহ (২৮), তেলুয়ারী গ্রামের বাদল মিয়ার ছেলে ও আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মিজানুর রহমান (২৮) এবং জাটিয়া গ্রামের প্রয়াত ছফির উদ্দিনের পুত্র জয়নাল আবেদিন (৫৯), যিনি জাটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে সরকারবিরোধী মিছিলের নেতৃত্ব দেওয়া এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছিল। পূর্বে সংগঠিত মিছিলের মামলার তাদের সক্রিয় অংশগ্রহণের সুস্পষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি।

ওসি আরও জানান, সরকারবিরোধী নাশকতা প্রতিরোধে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Walang nakitang komento


News Card Generator