দুই মন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের, না হলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের… | আই নিউজ বিডি

দুই মন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের, না হলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দুই মন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের, না হলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি..
দুই মন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের, না হলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি..
ছবি: সংগৃহীত
****

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দুই মন্ত্রী পদত্যাগ না করলে সারা দেশে মিছিল করা হবে। পরে সেই মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। জনগণকে নিরাপত্তা দিতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এই ব্যর্থতার দায় সবচেয়ে বেশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ওপর বর্তায়। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত রয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটে জনগণ মত দিয়েছেন। সেই গণভোটের বিষয়টি উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন।

তিনি বলেন, ‘উনারা দুজনই তাদের ক্ষেত্রে ব্যর্থ।’

চার দফা দাবির কথা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা মানুষের সঙ্গে কথা বলেছেন। তাঁদের কাছে গ্যাস ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগ উঠে এসেছে। এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেন তিনি।

সংবিধান সংস্কারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, একতরফা সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তাঁর দাবি, জুলাই সনদ ও গণভোটের অন্যতম প্রতিশ্রুতি ছিল এই পরিষদ গঠন।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনি ইশতেহার, ৩১ দফা ও জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে না। সরকারের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগও তোলেন তিনি।

ভারতের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে হত্যা, পাহাড়ে অস্থিরতা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নিপীড়নের ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। তাঁর অভিযোগ, এসব বিষয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

ভারতের সঙ্গে করিডর ও গঙ্গা চুক্তির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মধ্য দিয়ে করিডর দেওয়ার কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না। আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি ন্যায্যভাবে নতুন করে করা না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে দুই মন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, ‘সারা বাংলাদেশের সর্বত্রই আমরা মিছিল করব। সেই মিছিল নিয়ে আমরা জনাব তারেক রহমানকে ঘেরাও করে আমাদের দাবি আদায় করে ছাড়ব, ইনশা আল্লাহ।’

এ সময় ঢাকা মহানগরের রাজনীতিতে এনসিপির সাংগঠনিক পরিকল্পনার কথাও জানান তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এলাকায় নির্বাচনে অংশ নেবেন বলে জানান নাহিদ। তাঁদের নেতৃত্বে মহানগরবাসীর অধিকার ও দাবি-দাওয়া নিয়ে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থানের নেতাকর্মীরা মাঠে থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।

لم يتم العثور على تعليقات


News Card Generator