সিরাজগঞ্জে টহল গাড়ির পাশে যুবলীগের মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ৭ | আই নিউজ বিডি

সিরাজগঞ্জে টহল গাড়ির পাশে যুবলীগের মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ৭..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে টহল গাড়ির পাশে যুবলীগের মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ৭..
সিরাজগঞ্জে টহল গাড়ির পাশে যুবলীগের মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ৭..
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশের টহল গাড়ির পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিল এবং পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে..

সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশের টহল গাড়ির পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিল এবং পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যুবলীগ কর্মী মো. রবিউল ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী মো. আশরাফুল ইসলাম ওরফে সোহাগ (২৮) এবং ছাত্রলীগ কর্মী মো. সাজু (১৭)।

শুক্রবার (৩০ অক্টোবর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে জানপুর, দত্তবাড়ি ও কামারখন্দ এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. লিটন শেখ (৪৫), ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), যুবলীগ কর্মী চান শেখ (৪৫) এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি কোরবান আলী (৩৩)।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে কোবদাসপাড়া ও একডালা এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। তাঁরা সবাই ভাইরাল হওয়া ভিডিওর মিছিলে সরাসরি অংশ নিয়েছিলেন।

ঘটনার দিন দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় যমুনা সেতু পশ্চিম থানার চারজন পুলিশ সদস্যকে বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

চারজন পুলিশ সদস্যরা হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুর রহমান, কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম এবং গাড়িচালক আব্দুল গফুর। 

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু ও যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ মহাসড়কের একটি পয়েন্টে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হকের নেতৃত্বে একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যদের উপস্থিতিতে টহল গাড়ির পাশ দিয়েই মিছিলটি অতিক্রম করে। 

এসময় মিছিল থেকে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়। একপর্যায়ে টহল গাড়ির দরজা খোলা হলেও পুলিশ সদস্যরা কোনো ব্যবস্থা না নিয়ে স্থান ত্যাগ করেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়। এর পর পরই অপরাধীদের শনাক্তকরণে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

نظری یافت نشد


News Card Generator