গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এলাকার একটি তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নির্মাণাধীন তিনতলা ভবনটির অধিকাংশ কাজ শেষ হলেও সেপটিক ট্যাংকের ওপর নির্মিত একটি ঘর পোশাক শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে সাকিবসহ অন্য রুমমেটরা ওই ঘরে অবস্থান করার সময় হঠাৎ সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা-জানালা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকের ওপর ঘর নির্মাণ করে ভাড়া দেওয়ায় ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।