অভিযোগ নিষ্পত্তি, স্বচ্ছতা ও সমতা নিশ্চিতের সুপারিশ সাতক্ষীরার সভায়.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

অভিযোগ নিষ্পত্তি, স্বচ্ছতা ও সমতা নিশ্চিতের সুপারিশ সাতক্ষীরার সভায়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
অভিযোগ নিষ্পত্তি, স্বচ্ছতা ও সমতা নিশ্চিতের সুপারিশ সাতক্ষীরার সভায়..
অভিযোগ নিষ্পত্তি, স্বচ্ছতা ও সমতা নিশ্চিতের সুপারিশ সাতক্ষীরার সভায়..
ছবি: সংগৃহীত
নাগরিকের অধিকার সুরক্ষায় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা জরুরি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

 

নাগরিকের অধিকার সুরক্ষা, বৈষম্যহীন সেবা নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি বাড়াতে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি ব্যবস্থার উন্নয়ন, সেবাপ্রার্থীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তির প্রতিবন্ধকতা দূর করার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল হলরুমে সরকারি-বেসরকারি সেবাদাতাদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা বিষয়ক এক আলোচনা সভায় এসব সুপারিশ উঠে আসে।

স্বদেশ সংস্থার বাস্তবায়নে এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্যোগে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) কর্মসূচির আওতায় ‘এনগেজ নাউ’ (Engage Now) প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালকের লিখিত ধারণাপত্র পাঠ করেন ক্রিসেন্ট সংস্থার পরিচালক আবু জাফর সিদ্দিকী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী।

এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাকিবুর রহমান বাবলা, কিশোরী মোহন সরকার, পবিত্র মোহন দাশ, আবদুল হামিদ, মমতাজ আহমেদ বাপ্পী, গোলাম সরোয়ারসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বলেন, মানবাধিকার সুরক্ষা শুধু আইন প্রয়োগকারী সংস্থা বা মানবাধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; বরং প্রতিটি সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে এটি নিবিড়ভাবে জড়িত। নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ, সেবা প্রদানে সমতা নিশ্চিত করা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় রাখা মানবাধিকারসম্মত সেবার গুরুত্বপূর্ণ উপাদান।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করার মাধ্যমে সেবার মান উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। এ ধরনের মতবিনিময় সভা সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নে সহায়তা করে।

সভায় আলোচকেরা বলেন, নাগরিকের কাছে সেবা পৌঁছে দেওয়াই যথেষ্ট নয়; সেই সেবা হতে হবে অধিকারভিত্তিক, বৈষম্যহীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক। সেবাপ্রার্থীরা কী কী সেবা পাওয়ার অধিকার রাখেন, কোথায় এবং কীভাবে অভিযোগ জানাবেন—এসব তথ্য সহজে জানার সুযোগ না থাকলে অনেকেই প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হতে পারেন। তাই সেবাসংক্রান্ত তথ্য সহজলভ্য করার পাশাপাশি অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

সভায় সেবাদানকারী প্রতিষ্ঠানে মানবাধিকারসম্মত আচরণ ও সেবা প্রদানের নীতিমালা অনুসরণে উৎসাহিত করা, সেবাপ্রার্থীদের অধিকার ও অভিযোগ দাখিলের পদ্ধতি সম্পর্কে তথ্য সহজলভ্য করা এবং অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সুপারিশ করা হয়।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তির প্রতিবন্ধকতা কমানো এবং সরকারি-বেসরকারি সেবাদাতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় গৃহীত সুপারিশগুলো নথিভুক্ত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ভাগাভাগি করা এবং সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার উদ্যোগ নেওয়ার বিষয়েও মত দেন অংশগ্রহণকারীরা।

আলোচনা সভার মূল লক্ষ্য ছিল সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে মানবাধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরা এবং নাগরিকদের অধিকারসম্মত, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা বৃদ্ধি করা।

Nenhum comentário encontrado


News Card Generator