কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান ঘুষের টাকা সহ আটক ১
সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সদস্যরা অভিযান চালায়। এ সময় জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে নেওয়া ঘুসের ৪ হাজার ৩০০ টাকাসহ তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ঘুসের টাকাসহ ধরা পড়া ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় টাকাসহ হাতেনাতে ধরা পড়া ওই ব্যক্তি নিয়োগের কোন কাগজপত্র দেখাতে পারেননি।
দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় টিপসই নেওয়ার সময় ঘুসের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিব নামে একজনকে হাতেনাতে ধরা হয়। তিনি তার নিয়োগের কোন কাগজপত্র দেখাতে পারেননি। কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদের রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, পরে উপজেলা নির্বাহী অফিসার এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টাকাসহ আটক রাকিবকে জরিমানা করেন।