স্থানীয় নির্বাচনে জোটের বাইরে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

স্থানীয় নির্বাচনে জোটের বাইরে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
স্থানীয় নির্বাচনে জোটের বাইরে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম..
স্থানীয় নির্বাচনে জোটের বাইরে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম..
ছবি: সংগৃহীত
****

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের অংশ হিসেবে নয়, এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখছেন না দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বুধবার (২৮ অক্টোবর) রাজবাড়ী পৌর মিলনায়তনে পাঁচ জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনাবিষয়ক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার, নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা এখন একাকার হয়ে যাচ্ছে। সরকারদলীয় নেতাকর্মীদের অন্তর্কোন্দলে কয়েক শ মানুষ নিহত ও অনেকে আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মনে করেন তিনি। এ জন্য এনসিপির পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব দেওয়া হবে।

নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুস্পষ্ট প্রস্তাবনা দেওয়া হবে। সেই প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানানো হবে। তবে নির্বাচনে এনসিপি কোনো জোটের হয়ে অংশ নেবে না; দলটি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

মাদক সিন্ডিকেট নিয়ে অভিযোগ

মাদক সিন্ডিকেট প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদক সিন্ডিকেট টিকে থাকতে পারে না। তার দাবি, আগে আওয়ামী লীগ মাদক সিন্ডিকেটকে প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে। এ কারণে পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে। তাদের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে মাদক নির্মূল করা সম্ভব নয়।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও সমালোচনা

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের কোনো সুপারিশই বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দলটির পরাজয় হয়েছে। ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ উৎখাত করেছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, বর্তমানে আওয়ামী লীগের কার্যকর তৎপরতা নেই।

এ ছাড়া প্রতিবেশী দেশ বাংলাদেশকে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। দলটির পরাজয় হলেও তাদের সহযোগীরা এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

পাঁচ জেলার নেতাকর্মীদের অংশগ্রহণ

এনসিপির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতাকর্মীরা অংশ নেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

জেলা ও স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নির্ধারণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator