গৌরীপুরে মধ্যরাতে প্রবাসীর মাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গৌরীপুরে মধ্যরাতে প্রবাসীর মাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
গৌরীপুরে মধ্যরাতে প্রবাসীর মাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ..
গৌরীপুরে মধ্যরাতে প্রবাসীর মাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ..
ছবি: সংগৃহীত
‎‎উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ:

ময়মনসিংহের গৌরীপুরে বাড়িতে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে মোছা. নাজমা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নাজমা খাতুন ওই গ্রামের হারুন অর রশিদের স্ত্রী। তাঁর স্বামী ঢাকায় একটি কারখানায় কাজ করেন এবং দুই ছেলে প্রবাসে থাকেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছোট ছেলের স্ত্রী ও এক নাতিকে নিয়ে অবস্থান করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, ঘটনার রাতে একই গ্রামের বাসিন্দা রুবেল খাঁর ছেলে মোস্তাকিম খাঁ (২২) রাস্তা দিয়ে যাওয়ার সময় নাজমা খাতুনের বসতঘরের কাচের জানালায় ঢিল ছোড়েন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি মোস্তাকিমের বাবা রুবেল খাঁকে মৌখিকভাবে জানান নাজমা খাতুন। পরে তিনি ঘরের দরজার সামনে বসেছিলেন।

অভিযোগ অনুযায়ী, এর কিছুক্ষণ পর মোস্তাকিমের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে আসে। একপর্যায়ে তারা নাজমা খাতুনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নাজমা খাতুনের চিৎকার শুনে তাঁর ছোট ছেলের স্ত্রী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নাজমা খাতুনের মেয়ের জামাই স্বপন মিয়া বলেন, বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে আমার শাশুড়িকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। আমরা দ্রুত থানায় অভিযোগ দায়ের করব। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে, অভিযুক্ত মোস্তাকিম খাঁ ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য জানতে একাধিক মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম রোকন বলেন, হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। সকালে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনেছি। তবে শারীরিক অসুস্থতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে পারিনি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, রাতে বাড়িতে প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য না থাকার সুযোগে একজন নারীর ওপর এ ধরনের হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Keine Kommentare gefunden


News Card Generator