নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন নিশ্চিতকরণে টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেলে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলার 'ভুতের মোড়' থেকে দপ্তিয়র 'নিশ্চিন্তপুর ঘাট' পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে আনুমানিক ১০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যমানের প্রায় ৬০,২৫০ মিটার ক্ষতিকর ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নদী তীরবর্তী জনসাধারণ ও স্থানীয়দের উপস্থিতিতে 'ভুতের মোড়' এবং দপ্তিয়র 'নিশ্চিন্তপুর ঘাট' এলাকায় জব্দকৃত সমস্ত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন -এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নাগরপুর থানা পুলিশ এবং সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশ যৌথভাবে সহায়তা প্রদান করে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, অবৈধ জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ক্ষতিকর এসব জালের হাত থেকে দেশীয় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এই ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।