কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ: বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত, আহত ২.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ: বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত, আহত ২..

MD MOLLAH avatar   
MD MOLLAH
কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ: বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত, আহত ২..
কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ: বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত, আহত ২..
ছবি: সংগৃহীত
****
কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ: বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত, আহত ২
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও এক এসআই ও গাড়িচালক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। এখন পর্যন্ত গাড়িটি শনাক্ত বা এর চালককে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে শ্রমিক কলেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮), যিনি এলাকায় রফিক মোল্লা নামে পরিচিত। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। অপর নিহত ব্যক্তি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।
আহতরা হলেন এসআই জাবেদ ওমর ও পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. রাব্বি।
যেভাবে ঘটল দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে তুমলিয়া এলাকার ওহিদ মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি দল অভিযান চালায়। তাঁকে আটক করে থানায় ফেরার পথে শ্রমিক কলেজসংলগ্ন সড়কে পৌঁছায় দলটি। সেখানে অবস্থানরত স্থানীয় বিএনপি নেতা রফিক মোল্লার সঙ্গে এসআই মিজানুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা কথা বলছিলেন।
এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিএনপি নেতা রফিক মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত হন পুলিশের তিন সদস্যের মধ্যে দুজন—এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমর এবং গাড়িচালক কনস্টেবল রাব্বি। তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান মারা যান।
এদিকে, পুলিশের হাতে আটক হওয়া ওহিদ মোল্লা দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। আহত অপর দুইজনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের একজন সদস্যসহ দুজন প্রাণ হারিয়েছেন।
ওসি আরও জানান, ঘাতক গাড়িটি শনাক্ত করা বা এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। মৃত্যুর ঘটনা ঘটায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একই দুর্ঘটনায় বিএনপি নেতা ও পুলিশের একজন কর্মকর্তার মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।
לא נמצאו הערות


News Card Generator