চার মাসের সংসার, বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসব—বিজয়ার রাতে নিভে গেল তন্নীর জীবন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চার মাসের সংসার, বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসব—বিজয়ার রাতে নিভে গেল তন্নীর জীবন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
চার মাসের সংসার, বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসব—বিজয়ার রাতে নিভে গেল তন্নীর জীবন..
চার মাসের সংসার, বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসব—বিজয়ার রাতে নিভে গেল তন্নীর জীবন..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই রূপ নিল শোক ও বিষাদে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই রূপ নিল শোক ও বিষাদে। প্রতিমা বিসর্জন ও সিঁদুর খেলার আনন্দে যখন মুখর ছিল পূজামণ্ডপ, ঠিক তখনই দুর্গাপ্রতিমার কপালে সিঁদুর পরানোর সময় আকস্মিক অসুস্থ হয়ে মারা গেলেন তন্নী দে (২০) নামে এক নববধূ। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার কুমিরা বাসস্ট্যান্ড-সংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তন্নী দে তালা উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। মাত্র চার মাস আগে বিয়ে হওয়া তন্নীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, চার মাস আগে পার্শ্ববর্তী যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় তন্নীর। বিয়ের পর বাবার বাড়িতে এবারই ছিল তাঁর প্রথম দুর্গোৎসব উদযাপন। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সদস্যদের সঙ্গে কুমিরার বিসর্জনস্থলে গিয়েছিলেন তিনি।

তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে ননদের সঙ্গে কুমিরা বাসস্ট্যান্ড-সংলগ্ন বিসর্জনস্থলে যান তন্নী। সেখানে ঐতিহ্যবাহী প্রতিমা বিসর্জন দেখতে এবং ধর্মীয় রীতি অনুযায়ী দুর্গাদেবীর চরণ ও কপালে সিঁদুর দিতে অংশ নেন তিনি। সহপাঠী ও স্বজনদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠার মধ্যেই ঘটে বিপত্তি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রতিমার কপালে সিঁদুর পরানোর সময় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তন্নী। কিছু বুঝে ওঠার আগেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের পর দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয় স্বাস্থ্যকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে আকস্মিক গুরুতর হৃদ্‌রোগের সম্ভাবনার কথা বলা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জেল হোসেন তন্নী দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজয়া দশমীর উৎসবের দিনে তন্নীর এমন আকস্মিক মৃত্যুতে কুমিরা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। যে উৎসবের আনন্দে স্বজনদের সঙ্গে সময় কাটাতে এসেছিলেন তিনি, সেই উৎসবই পরিবারের কাছে হয়ে উঠেছে এক বেদনাবিধুর স্মৃতি।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator