নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা..

Mohammad Abdul Qaiyum Nahid avatar   
Mohammad Abdul Qaiyum Nahid
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা..
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউপি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা..
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির রহমান ফকির (৫০) নামে এক যুবদল ..

আব্দুল কাইয়ুম নাহিদ , নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির রহমান ফকির (৫০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সম্ভুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জহিরের স্থায়ী বাড়ি কালাপাহাড়িয়ায় হলেও তিনি দীর্ঘ ১২ বছর ধরে পরিবার নিয়ে মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ বালুরমাঠ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কের পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে দাবি করেছে নিহতের পরিবার। নিহতের ভাগিনা মো. ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, "আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমার মামা নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। কালাপাহাড়িয়া এলাকার মোবারক হোসেনও চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। এ কারণে প্রথম থেকেই মামাকে মোবারক হোসেন ও তার লোকজন হুমকি দিয়ে আসছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।"

আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম বলেন, "জহির যুবদলের একজন ত্যাগী নেতা ছিলেন। হঠাৎ খবর পেলাম একদল দুর্বৃত্ত তাকে হত্যা করেছে। আমরা এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।"

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "চর কিশোরগঞ্জ এলাকায় নিহতের ফার্মেসি রয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। এ ঘটনায় তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত ও হত্যার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।"

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Aucun commentaire trouvé


News Card Generator