শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জেলা শাখার উদ্যোগে এক শুভ বিজয়ার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শহরের চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগে যুগে এখানে সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব উৎসব পালন করে আসছে। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব যেন নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে আমরা সর্বদা পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। অপশক্তি যেন কোনোভাবেই আমাদের এই অসাম্প্রদায়িক চেতনায় ফাটল ধরাতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। আমরা শান্তি ও সৌহার্দ্যের সিরাজগঞ্জ গড়ে তুলতে ঐক্যবদ্ধ।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস। তিনি সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে দুর্গোৎসব উদযাপন সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও পারস্পরিক এই ভাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য এই র্যালিতে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সর্বস্তরের নেতাকর্মী, স্থানীয় সুধীজন ও বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অনুসারীরা অংশ নেন।