কচুয়ায় মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ায় মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি..
কচুয়ায় মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি..
ছবি: সংগৃহীত
এ ঘটনায় ক্ষতিপূরণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারের মালিক আবুল খায়ের।..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকায় মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক মোঃ আবুল খায়ের।

বুধবার (২১ অক্টোবর) মধ্য রাতে কচুয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের পাটিকরপাড়া-সংলগ্ন দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে। আবুল খায়ের ওই গ্রামের হাজী দুলাল মিয়ার ছেলে।
খামারের মালিক আবুল খায়ের জানান, লিজ নিয়ে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ করে প্রায় ১ হাজার ২০০ শতাংশ পুকুর ও জমিতে গত ছয় বছর ধরে মাছ চাষ করে আসছেন তিনি। 

মঙ্গলবার রাতে পাহারাদার ঘুমিয়ে পড়ার সুযোগে দুর্বৃত্তরা তাঁর মাছের খামারে বিষ প্রয়োগ করে বলে তাঁর অভিযোগ।

তিনি বলেন, বুধবার সকালে খামারের পাড়ে গিয়ে দেখতে পান, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠছে। কিছু মাছ পানির নিচেও তলিয়ে যাচ্ছিল। 

এ সময় স্থানীয় লোকজন তাঁকে পানি থেকে মাছ তুলতে সহযোগিতা করেন। মাছের আধিক্য দেখে বিভিন্ন প্রজাতির পাখিকেও মাছ শিকার করতে দেখা যায়।

আবুল খায়েরের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর কড়ইয়া এলাকায় একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে মাদক ছেড়ে নিজ নিজ পেশায় ফিরে আসার আহ্বান জানানো হয়েছিল। এরপর তিনি নিজের পেশা মাছ চাষে মনোযোগ দেন। 

তাঁর দাবি, কিছু মাদকসেবী বিষয়টি ভালোভাবে নেয়নি এবং তাঁকে তাদের সঙ্গে মাদকসেবনে যুক্ত হওয়ার কথা বলেছিল। তিনি তাদের সঙ্গে যুক্ত না হওয়ায় পরিকল্পিতভাবে তাঁর মাছের খামারে বিষ প্রয়োগ করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।

তিনি আরও জানান, মাছ মরে যাওয়ায় তাঁর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন। এ ঘটনায় পরিবার-পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

খামারের পাহারাদার ইব্রাহিম জানান, তিনি রাত একটা পর্যন্ত খামার পাহারা দিয়েছেন। এরপর ঘুমিয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে তাঁর ধারণা।

স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করা আবুল খায়ের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ঘটনায় ক্ষতিপূরণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারের মালিক আবুল খায়ের।

Nema komentara


News Card Generator