মানবাধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবদের দক্ষতা বাড়াচ্ছে ‘জাগরণ’ প্রকল্প.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মানবাধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবদের দক্ষতা বাড়াচ্ছে ‘জাগরণ’ প্রকল্প..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
মানবাধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবদের দক্ষতা বাড়াচ্ছে ‘জাগরণ’ প্রকল্প..
মানবাধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবদের দক্ষতা বাড়াচ্ছে ‘জাগরণ’ প্রকল্প..
ছবি: সংগৃহীত
স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ, মানবাধিকার সুরক্ষা, জেন্ডার সমতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় তিন দিনব্যাপী যুব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ, মানবাধিকার সুরক্ষা, জেন্ডার সমতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় তিন দিনব্যাপী যুব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় সদর ও কালীগঞ্জ উপজেলার ৩০ জন তরুণ-তরুণী অংশ নেন।

গত ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সাতক্ষীরার তালা উপজেলার ত্রিশ মাইল মোড়স্থ অগ্রগতি রিসোর্টের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে দুই উপজেলা থেকে ১৫ জন করে নির্বাচিত তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল যুবদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সক্রিয় নাগরিকত্বের চর্চা, মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি জেন্ডার সমতা প্রতিষ্ঠা ও সামাজিক বৈষম্য দূরীকরণে তরুণদের কার্যকর ভূমিকা পালনে উদ্বুদ্ধ করা হয়।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে নেতৃত্ব প্রদান, মানবাধিকার, ‘কাউকে পেছনে ফেলে নয়’ নীতির আলোকে সামাজিক উন্নয়ন, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, অ্যাডভোকেসি, কার্যকর যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং নেটওয়ার্কিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের অংশ হিসেবে দলগত আলোচনা, শিক্ষামূলক খেলা ও ব্যবহারিক সেশনের আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত ও বিশ্লেষণ করেন। পাশাপাশি সমস্যা সমাধানে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা প্রণয়ন করেন, যা স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, ‘জাগরণ’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. সুইট খান, প্রশিক্ষক ফারহানা ইয়াসমিন, প্রশিক্ষক আবিদ হাসান এবং প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান। প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন আসমাউল সোহানাসহ সংশ্লিষ্টরা।

সমাপনী দিনে অংশগ্রহণকারী যুবরা তিন দিনের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে প্রণীত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। পরে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তরুণ-তরুণীরা নিজ নিজ এলাকায় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন। একই সঙ্গে মানবাধিকার প্রতিষ্ঠা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, বৈষম্য দূরীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যুবদের অংশগ্রহণ আরও জোরদার হবে।

Aucun commentaire trouvé


News Card Generator