প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
ছবি: সংগৃহীত
****

 মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এ সময় ইশরাক হোসেন বলেন, দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে জন্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ইশরাক হোসেন। ওই পোস্টে তিনি বলেন, পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

বিএনপির কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রম চালানোর ঘোষণা

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক হোসেন। তিনি জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদক নির্মূলে আরও সক্রিয়ভাবে কাজ করতে চান।

এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

মাদকবিরোধী অভিযান ঘিরে আলোচনা

সম্প্রতি ঢাকা-৬ আসনের আওতাধীন গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এরই মধ্যে তাঁর পদত্যাগের বিষয়টি সামনে আসে। পরে সোমবার সকালে ফেসবুক পোস্টে পদত্যাগের সিদ্ধান্ত জানান এবং দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক ঘোষণা দেন ইশরাক হোসেন।

Keine Kommentare gefunden


News Card Generator