হামের থাবায় অকালে ঝরে গেলেন চৌগাছার ইউপি চেয়ারম্যান সবুজ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হামের থাবায় অকালে ঝরে গেলেন চৌগাছার ইউপি চেয়ারম্যান সবুজ..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
হামের থাবায় অকালে ঝরে গেলেন চৌগাছার ইউপি চেয়ারম্যান সবুজ..
হামের থাবায় অকালে ঝরে গেলেন চৌগাছার ইউপি চেয়ারম্যান সবুজ..
ছবি: সংগৃহীত
হামের থাবায় অকালে ঝরে গেলেন চৌগাছার ইউপি চেয়ারম্যান সবুজ

যশোর চৌগাছায় হামজ্বরে আক্রান্ত হয়ে পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ (৪০) মারা গেছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে যশোরের বেসরকারি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর প্রথমে জ্বরে আক্রান্ত হন অবাইদুল ইসলাম সবুজ। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১১ অক্টোবর তাকে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা নিশ্চিত করেন যে তিনি হামে আক্রান্ত হয়েছেন। হাসপাতালটির কাস্টমার কেয়ার কর্মকর্তা নাজিম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

স্বজনরা জানিয়েছেন, তিনি আগে থেকেই অ্যাজমা ও তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।


জনপ্রতিনিধি হিসেবে সফল অবাইদুল ইসলাম সবুজ ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো পাশাপোল ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া মাঠপর্যায়ের রাজনীতিতে তিনি চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।


শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের স্মরণে এক আলোচনা সভা ও জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের ঢল নামে এবং সেখানে এক আবেগঘন শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।


উক্ত জানাজা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাবেক সভাপতি জহরুল ইসলাম, পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সরকার শ্রাবণ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলিমুদ্দিন খান ও মুস্তাফিজুর রহমান মোস্তাক।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামাল আহমেদ ও রহিদুল ইসলাম খান, ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান মমিন, পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. জহরুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক এবং ওসমান আলী।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

نظری یافت نشد


News Card Generator