সাতক্ষীরায় মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর আহ্বান বিআরটিএর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর আহ্বান বিআরটিএর..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
সাতক্ষীরায় মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর আহ্বান বিআরটিএর..
সাতক্ষীরায় মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর আহ্বান বিআরটিএর..
ছবি: সংগৃহীত
মোটরসাইকেলের সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর পর্যন্ত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ ও নকশা অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিকদের এ নম্বরপ্লেট প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। নির্ধারিত নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট প্রদর্শনের বিধান রয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ জমির হোসেন বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানান, মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের ক্ষেত্রে নির্ধারিত মাপ, উপকরণ, রং ও অক্ষরের নিয়ম অনুসরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, স্কুটারের ক্ষেত্রে ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটের ওপর অন্য কোনো ধরনের শোভা বর্ধন বা নকশা করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটিমাত্র অনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করা হয়েছে।

বিআরটিএর নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত নিয়মে ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

没有找到评论


News Card Generator